রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান


Tareq-Rahman

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান। সেখানেই তিনি পরিবারসহ অবস্থান করবেন। পাশেই ‘ফিরোজা’ নামে খালেদা জিয়ার বাসভবন।

১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান হাসপাতালে পৌঁছান। তারেক রহমানের আগমন ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কারও উসকানিতে পা না দিয়ে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাসে ওঠার আগে জুতা খুলে মাটিতে পা রেখে একমুঠো মাটি হাতে নেন তারেক রহমান, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তাকে ও তার পরিবারকে স্বাগত জানান এবং সেখান থেকে তিনি বিশেষ বাসে করে গণসংবর্ধনাস্থলে যান।