
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি এ অভিজ্ঞতার সঙ্গে জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর তুলনা টানেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদ তারেক রহমানকে একবিংশ শতাব্দীর দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, তারেক রহমান দেশের জনগণের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও জাতির প্রতি গভীর অঙ্গীকার নিয়ে রাজনীতি করছেন। পোস্টে তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে- আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য।’
পোস্টের শেষাংশে সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।







































