
ফাইল ছবি
জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শনিবার পাঠানো ওই চিঠিতে তাঁরা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে নেতারা বলেন, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। জুলাই গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের বিভাজনমূলক রাজনীতি, অপপ্রচার, গুপ্তচরবৃত্তি এবং ধর্মভিত্তিক সামাজিক ফ্যাসিবাদের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।
নেতারা আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং স্বাধীনতাবিরোধী ইতিহাস এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে বিরোধপূর্ণ। এমন জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
চিঠিতে বলা হয়, এর আগে দলীয় নেতৃত্ব ৩০০ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে গিয়ে অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়া হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। এ ছাড়া জোটের গুঞ্জন ছড়ানোর পর এনসিপির সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে স্বাক্ষরকারীরা নীতিগত অবস্থানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানান।








































