রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান


tarek

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে ভর্তি অন্যান্য রোগী এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ ও অনুরোধ জানিয়েছেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমে জড়িত না হতে নেতাকর্মীদের বলা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনার পাশাপাশি দেশবাসীর কাছেও দোয়া চাওয়া হয়েছে—বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে।

তিনি জানান, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন। এ অবস্থায় তার শারীরিক উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তবে ভালো কিছু আশা করা যাবে।