রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার

আমি পদত্যাগ করার যৌক্তিকতা দেখছি না: সামান্তা


Samantha Sharmin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ে একের পর এক পদত্যাগের হিড়িক পড়লেও নিজের অবস্থানে অনড় রয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলটির আদর্শ ও আনুষ্ঠানিক বক্তব্যের প্রতি সংহতি জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে তিনি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছেন না।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

সামান্তা শারমিন তার পোস্টে জানান, জামায়াতে ইসলামীর একটি সংবাদ সম্মেলন থেকে তিনি জানতে পেরেছেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের সময় জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের দেওয়া বক্তব্যের সঙ্গে বর্তমান এই পদক্ষেপের কোনো মিল নেই।

তিনি আরও বলেন, “তিন দলের একটি শরিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ইতিমধ্যে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে। এনসিপি আনুষ্ঠানিকভাবে কাউকে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে বলেও অভিযোগ উঠেছে।” সামান্তা শারমিনের মতে, এই ধরণের পদক্ষেপ তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করছে এবং এনসিপির মূল ধারাকে ক্ষতিগ্রস্ত করছে।

দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে আজ (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছেন। তবে কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।”

“আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি। আমি এনসিপির এতদিনের সব বক্তব্যকে ধারণ করি এবং স্বাগত জানাই।”