
বৃহত্তর ঐক্যের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম জানান, আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে হয়েছে। তিনি বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় এবং তারা নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের স্বার্থেই এনসিপি জোটে যুক্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা এবং বৃহত্তর ঐক্যের লক্ষ্যে এনসিপি ১০ দলীয় জোটে অংশ নিচ্ছে। একই সঙ্গে ঐকমত্য কমিশনে এনসিপির দৃঢ় অবস্থানকে দলের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, সোমবার মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সমঝোতার ভিত্তিতে যাদের প্রার্থী করা হবে, তারাই মনোনয়নপত্র জমা দেবেন এবং সারা দেশে জোটগতভাবে নির্বাচন করা হবে।
তিনি বলেন, যেসব আসনে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে জোটভুক্ত প্রার্থীদের পক্ষে এনসিপি ও তাদের সহযোগী সংগঠনগুলো প্রচারণা চালাবে। পাশাপাশি সারা দেশে গণভোটের পক্ষে ক্যাম্পেইন চালানো হবে।
নাহিদ ইসলাম জানান, গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ রাজনীতি চায় এনসিপি এবং এ বিষয়ে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। জুলাই সনদের আলোকে দেশ গঠনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাবে দলটি।
তিনি আরও স্পষ্ট করেন, জোটে থাকলেও এনসিপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ আদর্শ অনুযায়ী আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।








































