রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

কুমিল্লা-৪

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী


Hasnat-Saiful

জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পরিবর্তন আসে প্রার্থী তালিকায়।

জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ ওই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার রাতে সাইফুল ইসলাম শহিদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

সাইফুল ইসলাম বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।’

এনসিপি–জামায়াত জোটের এই সমঝোতার মাধ্যমে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী সমীকরণ নতুনভাবে রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।