রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার


jhuma

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির মনোনয়ন পাওয়া এই নেত্রী রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মনজিলা ঝুমা লেখেন, প্রাথমিকভাবে এনসিপি যে ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে তাঁকে প্রার্থী করা হয়। তিনি জানান, ২৪ তারিখ তাঁর পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

তিনি আরও লেখেন, প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং তিনি নির্বাচনে অংশ নেবেন না। তবে তরুণদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তরুণেরা সংসদে যাবে—আজ না হোক, কাল।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের আলোচনা শুরুর পর থেকেই জাতীয় নাগরিক পার্টিতে পদত্যাগের প্রবণতা দেখা দিয়েছে। রোববার পর্যন্ত দলটির কেন্দ্রীয় চার নেতাসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একই দিনে দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, খালেদ সাইফুল্লাহ এবং ফেনী-৩ আসনে মনোনীত প্রার্থী আবুল কাশেম দল ছাড়ার ঘোষণা দেন।

সর্বশেষ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।