
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে মাহফুজ আলমের ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, মাহফুজের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এ কারণে মাহফুজ আলম ওই মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না।
মাহবুব আলম বলেন, সম্মতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে ফরম নেওয়া হলেও সেটিকে শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখে আন্দোলনের নীতি–কর্মসূচি প্রণয়নে যুক্ত ছিলেন মাহফুজ আলম। তার সহযোদ্ধারাই গত ফেব্রুয়ারিতে এনসিপি গঠন করেন। শুরুতে দলটিতে তার প্রভাব থাকলেও পরে তা কমে আসে। বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেও দেখা গেছে তাকে। এছাড়া তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন- এমন আলোচনা ছিল।
সর্বশেষ জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার ঘোষণা আসার পর মাহফুজ আলম ফেসবুকে লেখেন, ওই সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেন, তিনি এই সমঝোতা বা এনসিপির অংশ হচ্ছেন না।









































