রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন


 

Asif Nahid

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এনসিপিতে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পেয়েছেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের পাশে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নাহিদ ইসলাম বলেন, সোমবার অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এনসিপি এখন পুরোপুরি নির্বাচনী যাত্রায় প্রবেশ করেছে। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। বরং দলের মনোনীত প্রার্থীরা যেন নির্বাচনে বিজয়ী হতে পারেন, সে লক্ষ্যেই তিনি কাজ করবেন। এ উদ্দেশ্যে তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ আসন্ন নির্বাচন। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করবেন। দলের সব প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।