
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম
জামায়াতে ইসলামীর জোট আসন না ছাড়ার সিদ্ধান্তের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।
জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। অন্যদিকে ঢাকা-১০ আসনে প্রার্থী হতে আগ্রহী আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়ে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন।
গত বুধবার চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনা শুরু করে। তখনই জামায়াত জানিয়ে দেয়, জোট হলেও সাবেক দুই ছাত্র উপদেষ্টাকে প্রার্থী করা হবে না। এনসিপি ঢাকা-১০ আসন ছাড়ানোর চেষ্টা চালালেও জামায়াত আলোচনায় বসতে রাজি হয়নি।
জামায়াত এনসিপিকে ৩০টি আসন ছেড়েছে, যার বেশিরভাগেই জামায়াতের নেতারা শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এনসিপি মোট ৪৭ আসনে প্রার্থী দিয়েছে। মাহফুজ আলম রোববার রাতে ফেসবুকে নির্বাচনে না থাকার ঘোষণা দেন।
জোট সূত্র জানায়, দুই সাবেক উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড, জামায়াতবিরোধী অবস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি বিবেচনায় নিয়ে জামায়াত তাদের প্রার্থী করতে রাজি হয়নি। এসব কারণে জোটের ওপর দায় পড়তে পারে- এমন আশঙ্কাও ছিল।
এদিকে এনসিপির নেতারা জানিয়েছেন, দুই সাবেক উপদেষ্টাকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হবে। মাহফুজের পরিবর্তে তার ভাইকে প্রার্থী করা হয়েছে এবং আসিফকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।









































