রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ডা. তাসনিম জারা


jara

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে সবুজবাগ থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রাথমিকভাবে ডা. তাসনিম জারার এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে গত ২৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের আলোচনা সামনে আসার পর তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন। ওই সময় তিনি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন। নির্বাচন বিধি অনুযায়ী ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের কাজও তিনি সম্পন্ন করেন।

সবশেষে নির্ধারিত সময়ের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ডা. তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিলেন।