
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল কোনো রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র দেশের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে যুক্ত ছিলেন। কঠিন সময় ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তিনি নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।




































