
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যেন সর্বস্তরের মানুষ সুশৃঙ্খলভাবে অংশ নিতে পারেন—সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, জানাজায় অংশ নিতে আগ্রহী নারীদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এসব স্থানে নারীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার জোহরের নামাজের পর দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারী সবাইকে কোনো ধরনের ব্যাগ সঙ্গে না আনার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।




































