
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীতে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে কিছু সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এবং কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত (আড়ং পর্যন্ত), বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ রাখা হবে; এ ক্ষেত্রে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) সড়কে সীমিত যান চলাচল থাকবে। তাই নগরবাসীকে যথাসম্ভব এ সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প রুট হিসেবে বনানী–মহাখালী–গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা–শাহবাগ–মতিঝিল–পল্টন–গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর–টেকনিক্যাল–শ্যামলী রিংরোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া মিরপুর থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহনকে শ্যামলী থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড ব্যবহার করে জাহাঙ্গীর গেট–মহাখালী–তেজগাঁও–মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি ও ফার্মগেটমুখী সড়কে সীমিত যান চলাচল থাকবে। একইভাবে পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকেও যান চলাচল সীমিত থাকবে। প্রয়োজন অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হবে।
পার্কিংয়ের ক্ষেত্রে রাজধানীর যানবাহনকে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করতে পারবে।
ডিএমপি জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও সড়ক ডাইভারশন কার্যকর হবে। নগরবাসীকে এ সময়ে সতর্কতা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।




































