রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২ জানুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের


bangladesh-under-19

ফাইল ছবি

২০২৬ সালের অনূর্ধ্ব–১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব টাইগারদের নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম, আর সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপেও এই জুটির নেতৃত্বেই মাঠে নেমেছিল বাংলাদেশ।

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাওয়াদ আবরার বিশ্বকাপ দলে নিজের জায়গা আরও শক্ত করেছেন। টুর্নামেন্টে চার ম্যাচে প্রায় একশ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ছিল ২২৪ রান, যা ছিল দলের সর্বোচ্চ। বল হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন বাঁহাতি স্পিনার শাহরিয়ার আহমেদ। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করেন।

এশিয়া কাপের পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা পেয়েছেন আরও কয়েকজন তরুণ ক্রিকেটার। রিফাত বেগ চার ম্যাচে ১১৭ রান করেন, আর কালাম সিদ্দিকী অলিনের ব্যাট থেকে আসে ১০৩ রান। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন সামিউন বশির রাতুল, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, সাদ ইসলাম ও আল ফাহাদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।

২০২৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে। আগামী ১৫ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হবে, যেখানে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি। গ্রুপ পর্বে যুব টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল আগামী রোববার রাতে দেশ ছাড়বে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।