রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ জানুয়ারি ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার

এবার পিএসএলে মোস্তাফিজ


Mustafiz

ফাইল ছবি

ভারতীয় উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়লেও বিশ্ব ক্রিকেটে তাঁর চাহিদা কমেনি। বসে না থেকে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিষয়টি পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পিএসএলের পক্ষ থেকে মোস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয়, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’

আইপিএলের আদলে আয়োজিত পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। এর আগে ২০১৮ সালে একবার পিএসএলে খেলেছিলেন মোস্তাফিজ। সে আসরে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছর পর আবারও পাকিস্তানের এই লিগে ফিরছেন কাটার মাস্টার।

তবে এবার মোস্তাফিজ কোন দলে খেলবেন, তা এখনো নিশ্চিত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল চূড়ান্ত হবে বলে জানা গেছে। যদিও ড্রাফটের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এবারই প্রথমবারের মতো ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে পিএসএল। এটি টুর্নামেন্টের একাদশ ও এখন পর্যন্ত সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।

এদিকে গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেয়। বিষয়টি বিসিসিআই কর্মকর্তারাও ‘মিডিয়ার মাধ্যমে’ জেনেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দরকষাকষির পর মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হন তিনি। তবে নানা কারণে এই মৌসুমে আইপিএলে তাঁর খেলা হচ্ছে না।

এর ফলে লাভবান হলো পাকিস্তান সুপার লিগ। বিশ্বসেরা পেসারদের একজনকে নিজেদের আসরে যুক্ত করতে পারল পিএসএল, যা টুর্নামেন্টটির আকর্ষণ আরও বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।