
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই। ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতে গিয়ে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। নাহলে হারাতে হবে পয়েন্ট!
অনলাইনে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের বৈঠকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তোলে বাংলাদেশ। তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকি মূল্যায়নে এমন কিছু পাওয়া যায়নি, যার ভিত্তিতে ম্যাচ ভেন্যু পরিবর্তন করা যায়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে।
আইসিসির এই সিদ্ধান্তের পর ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে—বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে ভারতে না যায়, তাহলে কী হতে পারে? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচে অংশ না নিলে বাংলাদেশকে পয়েন্ট হারাতে হবে। সেক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলোকে জয়ী ঘোষণা করা হবে এবং ভবিষ্যতে আরও কঠোর শাস্তির মুখেও পড়তে পারে বিসিবি।
এর আগে ৪ জানুয়ারি জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।
সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।










































