রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ জানুয়ারি ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস


ctg-sylhet

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান উৎসবের এক রোমাঞ্চকর ম্যাচে সিলেট টাইটান্সকে ১৪ রানে পরাজিত করেছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি পুনরায় নিজেদের দখলে নিল চট্টগ্রাম।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের পাহাড় গড়ে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার নাঈম শেখ (১৮) দ্রুত ফিরলেও তিন নম্বরে নেমে তাণ্ডব চালান মাহমুদুল হাসান জয়। মাত্র ২১ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ওপেনার অ্যাডাম রসিংটনের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ে দুইশ ছুঁইছুঁই স্কোর পায় বন্দরনগরীর দলটি। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।

১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট টাইটান্স। দলীয় ৪ রানেই ওপেনার পারভেজ ইমন বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে ৩৩ বলে ৪৬ রান করলেও অন্য ব্যাটারদের থেকে বড় সংগ্রহ আসেনি। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৫০ রান তোলা সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

ম্যাচের শেষ দিকে হঠাৎ দৃশ্যপটে আসেন খালেদ আহমেদ। তার মাত্র ৯ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস সিলেট শিবিরে জয়ের আশা জাগিয়েছিল। তবে শেষ ওভারে স্নায়ুচাপ সামলে নিয়ে তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় চট্টগ্রাম। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৮৪ রানে অলআউট হয় সিলেট টাইটান্স।

বোলারদের নৈপুণ্য বল হাতে চট্টগ্রামের জয়ের নায়ক ছিলেন আমের জামাল, তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নিয়ে সিলেটের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। আবু হায়দার রনি ও হাসান নওয়াজ একটি করে উইকেট ভাগ করে নেন।