শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ জানুয়ারি ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার

নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা


Cricket-Woman

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশের একদিন পরই নেপালে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

বাছাইপর্বের দলে নিয়মিত তারকাদেরই রাখা হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে পাঁচজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি বাংলাদেশ ছাড়বেন জ্যোতি, মারুফা আক্তারসহ দলের সদস্যরা।

আগামী ১৮ জানুয়ারি নেপালের কীর্তিপুর ও মুলপানি স্টেডিয়ামে বাছাইপর্বের খেলা শুরু হবে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য তিন দল হলো পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মারুফা আক্তার ও ফারজানা হক পিংকিরা।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের ১০ম আসর। ইতোমধ্যে ৮টি দল মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে। বাকি ৪টি জায়গার জন্য বাছাইপর্বে লড়বে ১০ দল। পাঁচ দল করে দুই গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে উঠবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল বিশ্বকাপে জায়গা করে নেবে।

বাছাইপর্বের ম্যাচগুলো হবে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (কীর্তিপুর) ও মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। মূলপর্বের আগে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই

শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।