
যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি প্রকৃত অর্থে একটি বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করে এবং কোনো একক দেশের প্রভাবমুক্ত থাকে, তাহলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য তারা শ্রীলংকায় খেলার সুযোগ নিশ্চিত করবে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানান, এই ইস্যুতে বাংলাদেশ কোনো ধরনের আপস বা চাপের কাছে নতি স্বীকার করবে না।
তিনি বলেন, “আইসিসি যদি মনে করে বাংলাদেশ দল তাদের সেরা বোলারকে বাদ দিয়ে খেলবে, দর্শকরা জার্সি পরতে পারবে না কিংবা ম্যাচ আয়োজনের জন্য নির্বাচন পেছাতে হবে—তাহলে সেটি বাস্তবতাবিবর্জিত ও অযৌক্তিক প্রত্যাশা।”
ভারতের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে আসিফ নজরুল বলেন, সেখানে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে নিরাপদ ক্রীড়া পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তার ভাষায়, “গত দেড় বছরের বাস্তবতা, বিশেষ করে মোস্তাফিজকে ঘিরে বিতর্ক ও আইসিসির সাম্প্রতিক চিঠি প্রমাণ করে দিয়েছে যে সেখানে বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবে ক্রিকেট খেলা কঠিন।”
তিনি আরও জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরে তিনি দেখেছেন—যদিও তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন—পাকিস্তান বাংলাদেশ সংক্রান্ত কিছু টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “পাকিস্তান হোক বা সংযুক্ত আরব আমিরাত—নিরাপদ পরিবেশ থাকলে সেখানে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।”
ক্রীড়া উপদেষ্টা জোর দিয়ে বলেন, “যখন একটি দেশের জাতীয় ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে বলে দেয় যে আমাদের একজন খেলোয়াড় সেখানে খেলতে পারবে না, তখন এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে যে সেখানে আমাদের দলের জন্য উপযুক্ত পরিবেশ নেই? আইসিসির সামনে বিষয়টি এখন আর অস্পষ্ট নয়।”
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের জন্য নিরাপদ ও সম্মানজনক ক্রিকেট পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।














































