শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা


7-college

ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে বুধবারের মতো চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি শুরু হবে।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলেও মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো এক দিনের আন্দোলন নয়; বরং ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রাম।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে।

এর আগে বুধবার সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।