
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকা মহানগরের নির্বাচনী এলাকাগুলোতে অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে ঢাকায় নিজেদের প্রার্থীদের জয় নিশ্চিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি জানান, ঢাকা মহানগরের একাধিক সংসদীয় আসনে একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার স্থানান্তর করেছে। এসব ভোটারকে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে মনোনীত প্রার্থীদের বিজয়ী করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কতজন ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকার কোন কোন আসনে স্থানান্তর করা হয়েছে এবং কী কারণে এসব স্থানান্তর— সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছে।
এছাড়াও বিএনপি আরও কয়েকটি অভিযোগ নির্বাচন কমিশনের সামনে তুলে ধরে। দলের মহাসচিব বলেন, জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধের শামিল। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাস করে বলেই দলের চেয়ারপারসন ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়মিতভাবে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ক্ষেত্রেও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ওসি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন— এমন অভিযোগ বিএনপি পেয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
একই সঙ্গে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক সঠিকভাবে ছাপানোর পর তা বিতরণের ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।


































