বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ জানুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
শেয়ার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার


CA HA Vote

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় ড. ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথ খুলে যাবে। তিনি সবাইকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিবার ও পরিচিতজনদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। সেই অর্জনকে স্থায়ী রূপ দিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ কার্যকর করতে জনগণের সম্মতি প্রয়োজন, যার জন্যই গণভোট আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। ‘হ্যাঁ’ ভোট পড়লে সাংবিধানিক সংস্কার নিশ্চিত হবে, ক্ষমতার এককেন্দ্রীকরণ কমবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। একই সঙ্গে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, মৌলিক অধিকার সুরক্ষা, ভাষাগত স্বীকৃতি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষ গঠনের মতো প্রস্তাব বাস্তবায়নের পথ সুগম হবে।

সবশেষে তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা