বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জানুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ


Primary-recruitment-exam

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ বুধবার প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) একাধিক নির্ভরযোগ্য সূত্র দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ফলাফল প্রস্তুতের সব ধরনের কারিগরি কাজ ও যাচাই-বাছাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ডিপিইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ করা হয়েছে। কোনো কারিগরি জটিলতা না থাকলে আজ যেকোনো সময় ফলাফল অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা www.dpe.gov.bd ঠিকানায় প্রবেশ করে ফল জানতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘ অপেক্ষার পর ফল প্রকাশের খবরে ১০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে রেকর্ডসংখ্যক প্রার্থী পরীক্ষায় অংশ নেন। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং মেধার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর পর থেকেই নানা বিতর্কে জড়ায়। অভিযোগ রয়েছে, পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে চলে যায়। পাশাপাশি ‘কেন্দ্র কন্ট্র্যাক্ট’ ও ডিজিটাল নকলের অভিযোগও ওঠে। এসব অনিয়মের প্রতিবাদে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী।