
চীনের পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও চীনের মধ্যকার কিছু সহযোগিতামূলক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। ঢাকায় সদ্য দায়িত্ব পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যকে চীন দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে গেছে। এই সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং জনসমর্থনও পেয়েছে। একই সঙ্গে এটি আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রেখেছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশের নিজস্ব বিষয় এবং এতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা মন্তব্য করার কোনো অধিকার নেই।
চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উল্লেখ করে, বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে সহায়ক উদ্যোগে মনোযোগ দেওয়াই ওয়াশিংটনের জন্য বেশি উপযোগী হবে।
এর আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি জানান, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি অন্তর্বর্তী সরকার কিংবা ভবিষ্যতে নির্বাচিত সরকার—সবার সঙ্গেই যোগাযোগ বজায় রাখবেন এবং কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন।










































