বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জানুয়ারি ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
শেয়ার

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ


Bangladesh-Government

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ কর্মস্থলে গিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই যোগদান বা রিপোর্ট করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধিক্ষেত্র অনুযায়ী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

এছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের বিস্তারিত তথ্য নির্ধারিত ফরম্যাটে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।