রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জানুয়ারি ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের


UK

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রচারণা শুরুর পর দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ বাড়বে। এতে বড় জনসমাগম, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি ও যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কভাবে চলাচল ও বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো দুর্গম এলাকায় ঝুঁকি বেশি থাকায় এসব অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। সতর্কতায় আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হতে পারে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া কঠিন হতে পারে।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা ও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেছে এফসিডিও। ভিড় এলাকা, গণপরিবহন, ধর্মীয় উপাসনালয় ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।