
ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষস্থান দখল করেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগর ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে শহরটি। ২৫৬ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে থাকা ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ৭টা থেকে ৮টার মধ্যে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, একই সময়ে ১৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এছাড়া ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর এবং ১৮২ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক শহর ও ভারতের দিল্লি শহর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।







































