শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ জানুয়ারি ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
শেয়ার

দায় স্বীকার করে ডাকসু সদস্য সর্বমিত্রের পদত্যাগের ঘোষণা


SarbaMitra Chakma

সর্বমিত্র চাকমা ।। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নেওয়া বিতর্কিত পদক্ষেপের দায় স্বীকার করে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে দায় স্বীকার করে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগতদের কানে ধরে ওঠবস করানোর ঘটনাটি ছিল ভুল পন্থা। তবে তিনি দাবি করেন, গত এক মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তিনি লেখেন, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও বাস্তব পরিস্থিতির কারণে তার কাছে মনে হয়েছে, কঠোর ব্যবস্থা ছাড়া সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মাঠটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথাও উল্লেখ করেন তিনি।

সর্বমিত্র চাকমা জানান, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। নারী শিক্ষার্থীরা বহিরাগতদের কারণে মাঠে খেলাধুলা করতে না পারার অভিযোগও তাকে জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। এছাড়া, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজ বিলম্বিত হওয়ায় দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশ সহজ হচ্ছে বলেও তিনি দাবি করেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তার সব চিন্তার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। দায়িত্বের সীমার বাইরে গিয়েও একা হাতে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনের সীমা অতিক্রম করতে হওয়ায় তা তার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

শেষে সর্বমিত্র চাকমা জানান, এসব কারণেই তিনি আর দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার মতো মানসিক সক্ষমতা অনুভব করছেন না এবং স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারও প্রতি অভিমান বা কোনো ধরনের প্ররোচনার কারণে নয়, সম্পূর্ণ নিজের বিবেচনাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও স্পষ্ট করেন তিনি।

সর্বমিত্রের পদত্যাগের বিষয়ে ডাকসু জিএস-এর প্রতিক্রিয়া