শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশের সাংবাদিকরাও, আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিল


world-cup

ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। তাদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এবার সেই সিদ্ধান্তের রেশ পড়ল গণমাধ্যমেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসিতে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের সবাইকে বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। সেই সূচি মাথায় রেখেই আইসিসির নির্ধারিত ফর্ম ও সময়সীমার মধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বিশ্বকাপ কাভারের জন্য আবেদন করেন। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিক বা না নিক—বিশ্বকাপের পুরো আসর কাভার করার প্রস্তুতি ছিল তাদের। অনেকেই ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনাও চূড়ান্ত করেছিলেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি একেবারেই ব্যতিক্রমী ঘটনা। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলার পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—প্রতিটি বিশ্বকাপেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নেয়নি, তখনও বিভিন্ন আসর কাভার করার অভিজ্ঞতা ছিল দেশের সাংবাদিকদের।

বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। সে কারণেই প্রায় প্রতিটি মিডিয়া হাউস নিয়মিতভাবে বিশ্বকাপ কাভারের জন্য সাংবাদিক পাঠিয়ে থাকে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পাশাপাশি বাংলাদেশের সাংবাদিকদেরও অনুপস্থিতি দেশীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি হতাশার কারণ হয়ে দাঁড়াল।