
ফাইল ছবি
জনপ্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশে উল্লিখিত কর্মস্থল যদি ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা নতুন কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ভিন্ন বা বিরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী সংশোধন বা আদেশ বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখবে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে sal@mopa.gov.bd ঠিকানায় দাখিল করতে পারবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০তম ব্যাচের মোট ৪০৭ কর্মকর্তার মধ্যে ১১৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে ২৮৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। নতুন ১১৮ জনকে নিয়ে অতিরিক্ত সচিবরে সংখ্যা হয়েছে ৪০৩ জন। অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ২১২ জন হওয়ায় পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে আগের কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে বলা হয়েছে।





































