রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ জানুয়ারি ২০২৬, ২:১৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত


US Amba

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের পক্ষে অবস্থান নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই বৈধ সরকারের সঙ্গেই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রদূত।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী এবং ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন। তাঁর ভাষায়, নির্বাচনের ফল নির্ধারণ করার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের, বাইরের কোনো পক্ষের নয়।

তিনি আরও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষ নেয় না। জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে, সেই সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত থাকবে।

রাষ্ট্রদূত জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি নির্বাচনের দিনটিকে উৎসবমুখর করে তোলার প্রত্যাশার কথা শুনেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়—এটাই তাঁর কামনা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে প্রাপ্ত প্রস্তুতি ও নির্বাচনসংক্রান্ত তথ্য নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অন্যান্য সবার মতো তিনিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে আছেন।