
ফাইল ছবি
নির্বাচনকে ঘিরে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটের পরিবেশ নষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে, সরকার তা কঠোর হাতে মোকাবিলা করবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব অপচেষ্টা সরকার বরদাশত করবে না।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় এলে কী হবে, সে বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।
নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কিছু এলাকায় রাজনৈতিক দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে। এ ক্ষেত্রে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।





































