
ফাইল ছবি
নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটি আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠনের পর দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি ও এমপিওভুক্ত কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। পে-স্কেল কার্যকর না করে কমিশন গঠন করা হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় বলেও মন্তব্য করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, দাবিদাওয়া আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।






































