
সততা, দক্ষতা ও পেশাদারত্বই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল শক্তি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি সামান্য পক্ষপাতিত্বও সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই সভায় উপদেষ্টা জোর দিয়ে বলেন, সততা, দক্ষতা ও পেশাদারত্বই হবে আগামী নির্বাচনের মূল শক্তি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নন; তারা জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়া যাবে না। নির্বাচন পরিচালনায় আইন, বিধি, জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা কিংবা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার একটুও পিছপা হবে না।
নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে অর্থ, সুবিধা কিংবা কোনো ধরনের খাবার গ্রহণ করাও সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারিত হয়। নির্বাচন অস্বচ্ছ হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। তাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় নির্বাচন এমন একটি মানদণ্ড স্থাপন করবে, যা দেশ-বিদেশে প্রশংসিত হবে। পাশাপাশি নির্বাচনে আইন ভঙ্গের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
মতবিনিময় সভায় ঢাকা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।





































