রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ জানুয়ারি ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
শেয়ার

দেশে ফিরলেন ভারতে আটকে থাকা ১২৮ মৎস্যজীবী


cost-guard

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখায় দুই দেশের কোস্ট গার্ডের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। একই সময়ে বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতের কাছে ফেরত পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে ভারত পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। অন্যদিকে, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতের মালিকানাধীন দুটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়। অসতর্কতাবশত সমুদ্রসীমা অতিক্রম করায় দুই দেশেই এসব মৎস্যজীবীরা আটক হয়েছিলেন।

এই বিশাল প্রত্যাবাসন প্রক্রিয়াটি সফল করতে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রমে যুক্ত ছিল কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই দ্রুত প্রত্যাবাসন সম্ভব হয়েছে। উদ্ধারকৃত বাংলাদেশি মৎস্যজীবীদের যথাযথ প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।