
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শফিকুর রহমান ৯ ফেব্রুয়ারি রাতে ভাষণ দেবেন।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
দল আশা করছে, প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে এই ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।










































