রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার

রাজনৈতিক বিবেচনায় নির্বিচারে আটক চলছেই: এইচআরডব্লিউ


HRW

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নির্বিচারে আটকের সংস্কৃতি গড়ে উঠেছিল, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলেও তা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে এ মন্তব্য করা হয়েছে। বুধবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক করা হয়েছে এবং ফেসবুক বুস্টিংসহ ডিজিটাল প্রচারণার মতো বিষয়ে নয়, বরং বিরোধীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার ও মামলা বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ জন গ্রেপ্তার হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচআরডব্লিউ জানায়, অন্তর্বর্তী সরকারের আমলে মব সহিংসতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে গণপিটুনিতে অন্তত ১২৪ জন নিহত হন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যু, হেফাজতে নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন উল্লেখযোগ্য প্রমাণ সংগ্রহ করলেও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা সীমিত। বিচারব্যবস্থা ও সংস্কার কার্যক্রমেও অগ্রগতি ধীর বলে উল্লেখ করেছে সংস্থাটি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, নারী অধিকার, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।