
ফাইল ছবি
ভারতের সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা অন্তত আট থেকে দশবার কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪.৪ এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪.০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত পাঁচ থেকে ছয়টি ছোট আফটারশকও অনুভূত হয়েছে।
ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে, যা অত্যন্ত অগভীর হওয়ার কারণে কম্পন বেশি অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।।






































