রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

শীত নিয়ে বিডব্লিউওটির নতুন বার্তা


temperature

ফাইল ছবি

দেশের ওপর দিয়ে আরও একবার দাপট দেখাতে আসছে শীত। আজ রাত থেকেই দেশের বড় অংশজুড়ে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ রাত থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ প্রকট হবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ বেশ কিছু জেলায় হাড়কাঁপুনি শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জে কনকনে শীতের দাপট দেখা যেতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও খুলনা এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও তাপমাত্রা বেশ কমে যাবে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও খাগড়াছড়িতেও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসব জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে, তবে আবহাওয়া পরিস্থিতি আরও তীব্র দু-একটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।

রাতের বেলা হাড়কাঁপুনি শীত থাকলেও দিনের চিত্র হবে ভিন্ন। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকায় সূর্যের প্রখরতা পাওয়া যাবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

বিডব্লিউওটি-র তথ্যমতে, সারা দিন কুয়াশাবেল্ট সক্রিয় থাকার সম্ভাবনা নেই, তবে নদী অববাহিকা ও কিছু জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।