
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট হাতে পেয়েছেন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






































