শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা


BNP

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার এক দিন পরই দুঃসংবাদ পেলেন বরিশালের উজিরপুর উপজেলার বিএনপির তিন নেতা। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে তাদেরকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে তারা কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ নেননি। বরং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন— গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী। নির্বাচন-পরবর্তী দিন (১৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানান, বহিষ্কারের চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

দলীয় একাধিক সূত্র দাবি করেছে, অভিযুক্ত তিন নেতা বিএনপির প্রার্থীর পরিবর্তে একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। তবে বহিষ্কৃত নেতা মো. হারুন দফাদার বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত কাগজ এখনো তিনি হাতে পাননি।