শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
শেয়ার

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ দেওয়ার আগে সম্পদের হিসাব প্রকাশের আহ্বান নাসীরুদ্দীনের


Nasiruddin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ দেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো এবং উপদেষ্টাদেরকেও আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। এতদিন জনগণের জন্য কী কাজ করেছেন, তার সালতামামি জনগণের সামনে প্রকাশ করুন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, পুরো নির্বাচন প্রক্রিয়ার পেছনে মূল ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

তার ভাষায়, “আমি আগেই বলেছিলাম, এই নির্বাচনের ইঞ্জিনিয়ার ছিলেন তারেক রহমান। তার এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে এস্টাবলিশমেন্টের অনেকে এবং প্রশাসনের অনেকে জড়িত ছিলেন। জনগণের ওপর একটি জুলুমতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে।”

বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আপনি যেভাবে এই ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতা করেছেন, বাংলাদেশ তা ইতিহাসে মনে রাখবে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে যে ভিন্ন সংস্কৃতি তৈরি করা হয়েছে, তার দায় আপনাকে নিতে হবে।”

বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে আবার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন হচ্ছে এবং নারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এই পরিস্থিতির দায় এড়ানোর সুযোগ নেই। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।”