
ডা. শফিকুর রহমান ।। ফাইল ছবি
মজলুমের পাশে দাঁড়িয়ে জনগণকে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।
সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। জামায়াত আমির পোস্টের শেষে দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।










































