
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের বিষয়ে তারা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেবেন, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবেন।
রোববার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন তিনি। তারেক রহমানের এই সফরকে জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সঙ্গে মিলে একটি স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. শফিকুর রহমান জানান, বৈঠকে তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকবে, তবে যেখানে জবাবদিহি প্রয়োজন হবে সেখানে জামায়াতে ইসলামী সোচ্চার থাকবে। সংঘাত নয়, সংশোধন এবং বাধা নয়—গঠনমূলক পর্যবেক্ষণই তাদের রাজনৈতিক অবস্থান বলে উল্লেখ করেন জামায়াত আমির।










































