
ছবি: সংগৃহীত
খুলনায় ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রবিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীরা প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন এবং দলের শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে অফিসটি বন্ধ ও অব্যবহৃত অবস্থায় ছিল। রবিবার দুপুরে নেতাকর্মীরা তালা খুলে অফিসের দোতলায় ওঠেন, শীর্ষ নেতাদের ছবি টাঙান ও জাতীয় পতাকা উত্তোলন করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন দোকানি জানিয়েছেন, কার্যালয় ত্যাগ করার সময় আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা স্থানীয় দোকানদের বলে যান খুব শিগগির অফিসের উন্নয়নকাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “দুপুরে কিছু লোক তালা খুলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি টাঙান ও পুষ্পমাল্য অর্পণ করেন। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠন এসে তা ভাঙচুর ও অপসারণ করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে।”










































