মঙ্গলবার । মে ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
শেয়ার

প্রখ্যাত সাহিত্যিক শংকর মারা গেছেন


Shongkor

প্রখ্যাত সাহিত্যিক শংকর মারা গেছেন

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক শংকর মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

লেখক শংকরের আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়।

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন এই বর্ষীয়ান লেখক। প্রায় দুই সপ্তাহ আগে অবস্থার অবনতি হলে ৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সুদীপ্ত মিত্র জানান, শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুরে তাঁর জীবনাবসান ঘটে। এর আগে গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তাঁর। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থা আর স্বাভাবিক হয়নি।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন শংকর। পরে পরিবারের সঙ্গে কলকাতায় বসবাস শুরু করেন। ১৯৫৫ সালে তাঁর সাহিত্যজীবনের সূচনা। ‘কত অজানারে’ উপন্যাসের মাধ্যমে তিনি পাঠকমহলে ব্যাপক পরিচিতি পান। তাঁর বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে নির্মিত ১৯৬৮ সালের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। এছাড়া ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়।

শংকরের প্রয়াণে বাংলা সাহিত্য অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।