
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে পল কাপুর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল ৯টার দিকে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান এবং দিনের শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন।
বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর। এছাড়া গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর পল কাপুরের এটিই প্রথম বাংলাদেশ সফর। প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও একান্ত আলোচনায় বসবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ভূরাজনৈতিক নানা ইস্যু গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় রয়েছে। গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (আর্ট) চুক্তিটি যথাযথভাবে মেনে চলার বিষয়ে নতুন সরকারের প্রতি ওয়াশিংটনের বিশেষ বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই চুক্তির আগে মার্কিন বাণিজ্য দপ্তর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও আলাদাভাবে মতবিনিময় করেছিল।
সফরের দ্বিতীয় ভাগে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তার এই সফর শেষ হবে।






































