বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


PM ministry

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের চিকিৎসাসেবা সহজ ও নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড কার্যক্রম দ্রুত শুরু করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এনে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এরই পরিত্যক্ত ভবন রয়েছে প্রায় ১৭০টি। এসব ভবন দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এক পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এ প্রেক্ষিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ—যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ—এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও সভায় আলোচনা হয়।

দুর্গম এলাকায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে তাগাদা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস